রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুর্দান্ত ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়লেন নাজমুল শান্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:২৮ পিএম

দুর্দান্ত ব্যাটিংয়ে নতুন ইতিহাস গড়লেন নাজমুল শান্ত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ে আলো ছড়ালেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চাপে পড়া দলকে টেনে তুলতে খেললেন ঝড়ো শতকের ইনিংস। একই সঙ্গে টানা তিন সিরিজে শতকের দেখা পেয়ে গড়েছেন অনন্য এক কীর্তিও।

মিরপুরে কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন শান্ত। পাকিস্তানের গতি বোলারদের আগ্রাসী আক্রমণের জবাব দেন পাল্টা আক্রমণেই। মুমিনুল হকের সঙ্গে গড়ে তোলেন ১৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা বাংলাদেশের ইনিংসে শক্ত ভিত এনে দেয়।

এর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সিরিজেও শতক করেছিলেন শান্ত। গল টেস্টে টানা দুই ইনিংসে শতক করার পর এবার পাকিস্তানের বিপক্ষেও তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি। ফলে টানা তিন সিরিজে শতকের অনন্য কীর্তি গড়লেন বাংলাদেশ অধিনায়ক।

মাত্র ১২৯ বলে শতক পূর্ণ করেন শান্ত। পুরো ইনিংসজুড়ে ছিল আগ্রাসী ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের ছাপ। পাকিস্তানের বিপক্ষে এটি তার প্রথম টেস্ট শতক।

তবে শতক পূরণের পরপরই বিদায় নিতে হয় তাকে। মোহাম্মদ আব্বাসের বলে চার মেরে শতক পূর্ণ করার পরের বলেই পায়ে আঘাত পান শান্ত। আম্পায়ার প্রথমে আউট না দিলেও পুনর্বিবেচনায় সিদ্ধান্ত বদলায় পাকিস্তান।

বাংলাদেশ তখন তৃতীয় উইকেট হারায় ২০১ রানে। শান্ত ফেরার পর ক্রিজে নামেন মুশফিকুর রহিম। এরপরই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!