প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৪:৫৫ পিএম
হকি বিশ্বকাপে দুর্দান্ত জয় তুলে নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নেদারল্যান্ডসের ওয়াজেনার স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে নিউজিল্যান্ডকে ৭-১ গোলে হারিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। শুরুতে পিছিয়ে পড়েও অসাধারণ প্রত্যাবর্তনে বড় ব্যবধানে জয় পায় তারা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য আর্জেন্টিনার পক্ষে ছিল না। ম্যাচের ১২তম মিনিটে কেন রাসেলের গোলে এগিয়ে যায় নিউজিল্যান্ড। প্রথম কোয়ার্টারে গোলের ব্যবধান ধরে রেখে আর্জেন্টিনাকে চাপে রাখে তারা।
দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়। ২৬ মিনিট ৩ সেকেন্ডে স্কট বয়েডের গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। এরপর ৩৮ মিনিট ২১ সেকেন্ডে বাউতিস্তা কাপুরোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। এরপর আর্জেন্টিনার আক্রমণের গতি আরও বাড়তে থাকে।
পরের সময়টায় নিউজিল্যান্ডের রক্ষণভাগ কার্যত ভেঙে পড়ে। আর্জেন্টিনার খেলোয়াড়রা ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষকে দিশেহারা করে ফেলেন। ফিল্ড গোলের পাশাপাশি পেনাল্টি কর্নার ও পেনাল্টি স্ট্রোক থেকেও গোল আদায় করে নেয় তারা।
আর্জেন্টিনার হয়ে ডমিনি থমাস একাই তিনটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বাউতিস্তা কাপুরো করেন দুটি গোল। এছাড়া তাদেও মারকুচি ও নিকোলাস কিনান একটি করে গোল করেন।
এই জয়ের আগে আর্জেন্টিনা জাপানকে ৩-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ও শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে পরাজিত হয় তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ে আবারও নিজেদের শক্তিমত্তার জানান দিল আর্জেন্টিনা।
তিন ম্যাচে দুই জয় ও এক পরাজয়ে আর্জেন্টিনার সংগ্রহ এখন ৬ পয়েন্ট। গোল ব্যবধানে পুল ‘এ’-এর শীর্ষে রয়েছে তারা। সমান ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে নেদারল্যান্ডস।
নিয়ম অনুযায়ী, ২১ থেকে ২৪ আগস্ট দ্বিতীয় পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের ফলের ভিত্তিতে দলগুলোকে চারটি নতুন পুলে ভাগ করে পরবর্তী ধাপের খেলা অনুষ্ঠিত হবে।



