প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ১১:০২ এএম
কক্সবাজার সমুদ্রসৈকতের কবিতা চত্বর এলাকায় ছুরিকাঘাতে খোরশেদ আলম নামে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
নিহত খোরশেদ আলম (২৬) কক্সবাজার সদর উপজেলার ইসুলুর ঘোনা এলাকার বাসিন্দা ও শাহ আলমের ছেলে। তিনি স্থানীয়ভাবে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের দিকে কবিতা চত্বর এলাকায় অবস্থানকালে অজ্ঞাত দুর্বৃত্তরা খোরশেদের ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, তার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে পেট ও পায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর শহরজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতাল এলাকায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন।
স্থানীয় এক ছাত্রনেতা অভিযোগ করেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের সঙ্গে থাকা এক নারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান তিনি।



