প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১১:২৮ এএম
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম জিন্নাহ (৭৬) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা।
শুক্রবার ভোরে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় এলাকার বাসিন্দা এবং প্রয়াত আজিমদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর রমনা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৭ অক্টোবর শিবগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা একটি মামলায় তিনি পলাতক ছিলেন। ওই মামলায় তাকে প্রধান আসামি করা হয়।
এছাড়া তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সংক্রান্তসহ মোট ১০টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।



