রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসির ফরম পূরণের ফি বাড়ল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:০৫ পিএম

এইচএসসির ফরম পূরণের ফি বাড়ল

ফাইল ছবি

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। গত বছর বিজ্ঞান শাখায় ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা, যা বাড়িয়ে এবার ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে—অর্থাৎ বেড়েছে ২১০ টাকা। একই হারে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ফিও বৃদ্ধি পেয়েছে।

বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু হয়ে চলবে ৯ মার্চ পর্যন্ত। বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণের সুযোগ থাকবে। নির্ধারিত ফি সোনালী সেবার মাধ্যমে ১৮ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে।

নিয়মিত শিক্ষার্থীদের জন্য বিভাগভিত্তিক মোট ফি নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান শাখার (৪র্থ বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ২,১৪০ টাকা এবং কেন্দ্র ফি (ব্যবহারিকসহ) ৮৫৫ টাকা—সব মিলিয়ে মোট ২,৯৯৫ টাকা। মানবিক শাখার (৮ম বিষয়সহ) শিক্ষার্থীদের বোর্ড ফি ১,৯৪০ টাকা এবং কেন্দ্র ফি ৪৯৫ টাকা; মোট ২,৪৩৫ টাকা। ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রেও একই হারে বোর্ড ফি ১,৯৪০ টাকা ও কেন্দ্র ফি ৪৯৫ টাকা নির্ধারণ করে মোট ২,৪৩৫ টাকা ধার্য করা হয়েছে।

এছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর ৪র্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে প্রতিটি বিষয়ের জন্যও অতিরিক্ত ১৪০ টাকা পরিশোধ করতে হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!