প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ০২:০৮ পিএম
দেশের ক্রীড়া উন্নয়নকে সামনে রেখে ‘নতুন কুঁড়ি ক্রীড়া’ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২ মে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর দেশজুড়ে একযোগে কার্যক্রম শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মসূচি সফল করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বেশ কিছু পদক্ষেপ নিতে হবে। এর মধ্যে রয়েছে—১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের নিবন্ধনে উৎসাহিত করা, শ্রেণিকক্ষে শিক্ষার্থী ও শিক্ষকদের অবহিত করা, নোটিশ বোর্ডে নির্দেশনা প্রদর্শন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ব্যানার স্থাপন এবং বিভিন্ন মাধ্যমে প্রচার চালানো।
এছাড়া প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব মাধ্যমে কর্মসূচি সম্পর্কে সচেতনতা বাড়ানোর কথাও বলা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে।



