প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ১২:৫৯ পিএম
রাজধানীর শাহবাগে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর একপর্যায়ে শাহবাগ থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের ওপর হামলার অভিযোগ ওঠে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
আহত ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন,
“আমরা লড়াই করব, আমরাই জিতব, ইনশাআল্লাহ।
যদি কেউ ফ্যাসিবাদী কাঠামো ফিরিয়ে আনতে চায়, তবে আমার লাশের ওপর দিয়ে যেতে হবে।
শত সহস্র মাইল হাঁটার শপথ
বুকের গভীরে বিশ্বাস
ঘাত প্রতিঘাত, পাল্টা আঘাত
যতক্ষণ শেষ নিঃশ্বাস!”
এদিকে অভিযোগ রয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি বিকৃত ফটোকার্ড ছড়ানোর ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় শাহবাগ থানার সামনে ছাত্রদল ও ছাত্রশিবির মুখোমুখি হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ডাকসুর দুই নেতা ও সাংবাদিকসহ কয়েকজন আহত হন।



