প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৭:০৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বিভিন্ন হল সংসদের কয়েকজন নেতার ওপর শাহবাগ থানার ভেতরে হামলার অভিযোগে দায়ীদের বিরুদ্ধে মামলা গ্রহণে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
ডাকসুর সমাজসেবা সম্পাদক মো. যুবায়ের বিন নেছারী (এবি জুবায়ের) সুপ্রিম কোর্টের আইনজীবীর মাধ্যমে এ নোটিশ পাঠান। নোটিশটি জননিরাপত্তা বিভাগ, পুলিশ মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, রমনা বিভাগের ডিসি ও শাহবাগ থানার ওসিসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর নামে ভুয়া ফটোকার্ড ছড়ানোর ঘটনায় অভিযোগ জানাতে তিনি শাহবাগ থানায় যান। সেখানে আগে থেকেই থাকা ছাত্রদলের শতাধিক নেতাকর্মী তাকে অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ করা হয়।
পরে হল সংসদের এক সদস্য ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এরপর ডাকসুর কয়েকজন সম্পাদক ও প্রতিনিধি থানায় গেলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে নোটিশে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, থানার ভেতরেই কয়েকজন ব্যক্তি ডাকসু নেতাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায় এবং তাদের গুরুতর জখম করা হয়। পরে তারা থানার একটি কক্ষে আশ্রয় নিলেও সেখানে গিয়েও হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তারা মেডিকেল সনদ সংগ্রহ করেন।
নোটিশে আরও বলা হয়, পরবর্তীতে থানায় এজাহার দাখিল করতে গেলে পুলিশ তা গ্রহণে অস্বীকৃতি জানায়, যা আইনবিরোধী।
এ বিষয়ে ডাকসুর সমাজসেবা সম্পাদক বলেন, থানার ভেতরে হামলার পরও আইনগত ব্যবস্থা না নেওয়া উদ্বেগজনক। অন্যদিকে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকও মামলাটি গ্রহণ না করাকে আইনের পরিপন্থী বলে মন্তব্য করেন।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।



