রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বড় রকমের পরিবর্তন আসছে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ২, ২০২৬, ০২:৫০ পিএম

বড় রকমের পরিবর্তন আসছে অ্যাকাডেমিক ক্যালেন্ডারে

ছবি: সংগৃহীত

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। একইসঙ্গে শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনার কাজ চলছে, যা সম্ভব হলে ২০২৭ সাল থেকে কার্যকর করা হতে পারে।

বর্তমান নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন সময় আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পেছানোর ঘটনা ঘটে। উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে—এই বাস্তবতা বিবেচনায় নিয়েই নতুন সময়সূচি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক জানিয়েছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বর মাসকে অ্যাকাডেমিক বছরের শেষ ধরা হবে। ওই সময়ের মধ্যেই সব বোর্ড পরীক্ষা শেষ করে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর শিক্ষার্থীরা জানুয়ারিতেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে কোনো সেশন জট ছাড়াই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে। এ লক্ষ্যে নতুন কারিকুলাম প্রণয়নের কাজ চলছে।

শিক্ষামন্ত্রীর মতে, আবহাওয়া ও দেশের বাস্তবতা বিবেচনায় নিয়ে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা প্রয়োজন, যাতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক হয়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!