রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬, ০৩:৫২ পিএম

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীরা

ছবিঃ সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সাত কলেজের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো কার্যকর হলেও চলমান বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। ফলে তাদের শিক্ষা কার্যক্রম, পরিচয় ও ভবিষ্যৎ নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সাত কলেজের সব চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় এনে একাডেমিক কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা ‘সেন্ট্রাল আমার অধিকার’, ‘সেন্ট্রাল নিয়ে টালবাহানা চলবে না’, ‘এফিলিয়েশন মুক্ত করো, চলমান শিক্ষাবর্ষ যুক্ত করো’সহ নানা স্লোগানে নিজেদের দাবি তুলে ধরেন।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের কয়েকজন অভিযোগ করেন, তারা এর আগে একাধিকবার একই দাবিতে আন্দোলন করেছেন। তাদের দাবি, সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের শিক্ষাগত জটিলতা নিরসনের লক্ষ্যেই নতুন বিশ্ববিদ্যালয় কাঠামো গড়ে তোলা হয়েছে। কিন্তু চলমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকায় সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

শিক্ষার্থীদের আরও অভিযোগ, কর্মসূচি চলাকালে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া এবং আন্দোলন থেকে বিরত রাখতে ভয়ভীতি দেখানোর চেষ্টা করা হয়েছে। পরে তারা ঢাকা কলেজের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।

শিক্ষার্থীরা বলেন, গণস্বাক্ষর বা মতামত নেওয়ার মাধ্যমে তাদের ভবিষ্যৎ নির্ধারণের পরিবর্তে সাত কলেজের সব শিক্ষার্থীর শিক্ষাগত অধিকার ও চলমান শিক্ষাবর্ষের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তারা।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!