প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০৫:৪৮ পিএম
চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফল আগামী রোববার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে এ ফল দেখা যাবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবেদনে উল্লেখ করা মুঠোফোন নম্বরেও এসএমএস পাঠানো হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, রোববার সকাল ১০টা থেকে ফলাফল পাওয়া যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনঃনিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়। ১১টি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ–ফাইভের সংখ্যা ৬৯ হাজার ৯৭।



