প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৩:৩৪ পিএম
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাসে শুরু করার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে আগামী ১০ মার্চের মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করতে বলা হয়েছে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। রবিবার (৪ জানুয়ারি) জারি করা বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ফেব্রুয়ারি মাসে নির্বাচনী পরীক্ষা আয়োজন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ নিশ্চিত করতে হবে। তবে পরীক্ষার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।
এছাড়া জানানো হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১১ মার্চ থেকে। ফরম পূরণের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



