প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৪:৩৭ পিএম
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। এ বিষয়ে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। একই সঙ্গে গত ৪ জানুয়ারি প্রকাশিত আগের বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে।
নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করতে হবে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচিসহ পূর্ণাঙ্গ নির্দেশনা যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এর আগে বোর্ড দুই দফা এইচএসসি ফরম পূরণের তারিখ ঘোষণা করলেও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।



