প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:২৯ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জ থানার দুটি মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা আরও পাঁচটি মামলার জামিন সংক্রান্ত বিষয়ে আগামী রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ আদেশ দেবেন।
আইভীকে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তী সময়ে হাইকোর্ট পাঁচটি মামলায় তাঁকে জামিন দেন, তবে সেই জামিন আপিল বিভাগে স্থগিত করা হয়।
পরে গত ১৮ নভেম্বর তাঁকে আরও পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই মামলাগুলোতে তিনি জামিন পান, কিন্তু পরে রাষ্ট্রপক্ষের আবেদনে সেগুলোর কার্যকারিতা স্থগিত করা হয়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের হওয়া দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরে সেই আবেদন মঞ্জুর করেন।



